কানাইঘাটে এসিল্যান্ড ফয়সাল আহমদের তৎপরতায় মৃত গরুর মাংস জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
সোহেল মিয়া
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১১:৪১ অপরাহ্ণসিলেটের কানাইঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের কর্মতৎপরতায় উপজেলার বড়চতুল ইউনিয়নে মৃত গরুর মাংস বিক্রি করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ২ মাসের কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মৃত গরুর মাংস বিক্রির অপরাধে উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল ঈদগাহ বাজারের মাংস ব্যবসায়ী ও স্থানীয় মুক্তাপুর গ্রামের ফকির আলীর পুত্র ফখরুল ইসলামকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে তাকে ২ মাসের কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
জানা গেছে,বৃহস্পতিবার সকালে মাংস ব্যবসায়ী ফখরুল ইসলাম তার ২ সহযোগীকে নিয়ে বাজারে গরুর মাংস বিক্রি করতে থাকেন। অনেকে মাংস বাড়িতে নিয়ে গেলে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি তাৎক্ষণিক লোকজন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আম্বিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দকে জানান। তারা সকাল সাড়ে ৯টার দিকে বাজারে এসে দেখতে পান মাংস থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। জিজ্ঞাসাবাদকালে মাংস ব্যবসায়ী ফখরুল ইসলাম স্বীকার করে বলে, স্থানীয় রায়পুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র নাজিম উদ্দিন তাকে সহ আব্দুল বাছিত ও আব্দুল হামিদকে ১৫’শ টাকা পারিশ্রমিকের বিনিময়ে মৃত গরুর মাংস বিক্রি করতে বলেছে।
এ খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ চতুল ঈদগাহ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মাংস পরীক্ষা করে মৃত গরুর পঁচা মাংস হিসেবে সনাক্ত করে বাজারের পাশে মাটির গর্তে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় অন্যান্যদের মাঝে উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট থানা পুলিশ ও উপজেলা প্রাণি-সম্পদ অফিসের কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ ছিলেন।
কানাইঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত গরুর মাংস বিক্রির বিষয়টি ব্যবসায়ী ফখরুল ইসলাম স্বীকার করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত ফখরুল ইসলামকে থানা পুলিশের মাধ্যমে সিলেট জেল হাজতে পাঠানো হয়েছে।
সিলেটসংবাদ/হান্নান





