সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৮২
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 30 June 2026, 2:37 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস ১৮ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম লক্ষণ। সে সিলেট নগরীর ভানু দাশের ছেলে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, একই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময় নতুন করে আরও ৫৪ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৭৮ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে চারজনের মৃত্যু হয়েছে। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জন।
স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
এম এইচ আ




