সিলেটে প্রথমবার শতহাতের দুর্গা প্রতিমা, দেখতে ভিড়
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 16 October 2026, 9:43 PM
শরতের কাশফুল আর ঢাকের তালে সিলেটে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি মন্দিরে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে শতহাতের দেবী দুর্গার প্রতিমা। প্রচলিত দশ হাতের প্রতিমার বদলে ব্যতিক্রমী এই প্রতিমা নির্মাণ করেছে মহামায়া সংঘ। পূজা শুরুর আগেই প্রতিমাটি দেখতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা।
সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দক্ষিণ সুরমার শ্রীশ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ রক্ষী শিববাড়ি মন্দিরে মহামায়া সংঘের উদ্যোগে নির্মিত হয়েছে শতহাতের দুর্গা প্রতিমা। আয়োজকদের দাবি, সিলেটে প্রথমবারের মতো এমন প্রতিমা নিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, মাটির নিপুণ কারুকাজে তৈরি প্রতিমাটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। দেবীর শত হাতের মধ্য দিয়ে শক্তি, সৃজনশীলতা ও অশুভ শক্তির বিনাশের প্রতীকী তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা। মহামায়া সংঘের ২৫ বছর পূর্তি উপলক্ষে এবার আয়োজন করা হয়েছে রজতজয়ন্তী অনুষ্ঠানমালার। দেবীর আগমন ও গমন হবে নৌকায়। শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
দর্শনার্থী জয় তালুকদার বলেন, সাধারণত দুর্গার দশ হাতের প্রতিমা দেখা যায়। তবে প্রতিমার গঠন ও সৌন্দর্যে ভিন্নতা আনতে শতহাতের প্রতিমা নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এমন আয়োজন হলেও সিলেটে এবারই প্রথম শতহাতের দুর্গা প্রতিমায় পূজা হতে যাচ্ছে।
মন্দিরের পুরোহিত মহন্ত ভট্টাচার্য মধু বলেন, শতহস্তে দুর্গাপূজার মাধ্যমে মহামায়ার একটি বিশেষ রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মহামায়ার বিভিন্ন রূপে পূজা করার সুযোগ রয়েছে। সেই ভাবনা থেকেই এবার শতহাতের প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে আগে এ ধরনের আয়োজন হয়নি। প্রথমবারের মতো শতহস্তে দেবীর পূজা দিতে পেরে তাঁরা আনন্দিত।
শিববাড়ী মহামায়া সার্বজনীন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কাব্য বলেন, শতহস্তে দেবী দুর্গার পূজার আয়োজন সিলেটের জন্য নতুন অভিজ্ঞতা। শিববাড়ি মন্দিরের ঐতিহ্যের সঙ্গে এই আয়োজন যুক্ত হওয়ায় তাঁদের আনন্দ আরও বেড়েছে। প্রতিমা নির্মাণে প্রায় তিন মাস সময় লেগেছে। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে এবার আগের বছরের তুলনায় বেশি পুণ্যার্থীর সমাগম হবে বলে তাঁরা আশা করছেন।
মন্দিরের সাংগঠনিক সম্পাদক রূপক চৌধুরী বলেন, মন্দিরের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শতহস্তে দেবী দুর্গার পূজার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমাটি দেখতে প্রায় তিন লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে তাঁরা আশা করছেন। রজতজয়ন্তী উপলক্ষে পূজার পাশাপাশি নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সিলেট/আবির



