সিলেটে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ৪ হাজার ১১২ আনসার সদস্য
সিকডে
প্রকাশিত হয়েছে : 16 October 2026, 9:50 PM
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সিলেট জেলার ১৩টি উপজেলার ৬৩৩টি পূজামণ্ডপে ৪ হাজার ১১২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের আগে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট সদর উপজেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পরিচালক সদন চাকমা, বিভিএম, এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহনেওয়াজ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপদ চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিলেট জেলার অন্যান্য উপজেলাতেও আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা দায়িত্ব পালন করবেন। তাঁদের সমন্বিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপিত হবে বলে আশা করা হচ্ছে।
এম এইচ আ



