সৃজনশীলতা বিকাশে থিয়েটার মুরারিচাঁদের তিন দিনের কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে তিন দিনব্যাপী উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, নাটক, সংগীত ও নৃত্যবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। প্রথম দিনের কার্যক্রম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন থিয়েটার মুরারিচাঁদের সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ফারহানা জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি জাতির সাংস্কৃতিক বিকাশে শিল্পচর্চার গুরুত্ব অপরিসীম। নিয়মিত সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক ধারার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালার প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগীতশিল্পী প্রতীক এন্দ। তিনি সংগীতচর্চার মৌলিক বিষয়, কণ্ঠের সঠিক ব্যবহার, সুর, তাল, লয় ও সংগীতের নান্দনিকতা নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা অংশগ্রহণকারীদের সংগীতচর্চায় আগ্রহী করে তোলে।
দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ দেন আবৃত্তিশিল্পী ও এখন টিভির ব্যুরো প্রধান গোলজার আহমেদ। তিনি শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বরের ব্যবহার, আবৃত্তির কৌশল, শব্দের সঠিক প্রয়োগ, বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেন।
আয়োজকেরা জানান, কর্মশালাটি কেবল শিল্পী তৈরির উদ্যোগ নয়; বরং ব্যক্তিত্ব গঠন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, ভাষার শুদ্ধ ব্যবহার, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সাংস্কৃতিক মূল্যবোধ চর্চারও একটি প্ল্যাটফর্ম। পাঠ্যবইয়ের বাইরে বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপনের দক্ষতা গড়ে তুলতেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম দিনের সফল আয়োজন, অভিজ্ঞ প্রশিক্ষকদের দিকনির্দেশনা এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মশালার পরবর্তী দিনগুলোও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।
সিলেট/আবির



