সিলেটে হামে শিশু মৃত্যু বেড়ে ৮০ জন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ

সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ৭ মাস বয়সী শিশু ফারিয়ান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ১ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৭ জন।
রোববার (২৮ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮২ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৮০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকী ৭৯ জন শিশু। এরমধ্যে ৪ জনের হাম নিশ্চিত হলেও বাকীরা উপসর্গে মারা গেছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩৪ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৯ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৭৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৩ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১১৭, হবিগঞ্জের ৩২ ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৮২ জন রোগীর মধ্যে- সর্বোচ্চ ১০৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৫, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৭, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ১০, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১, সিলেট লায়ন্স হাসপাতালে ৫, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।
- নীরব চাকলাদার



