কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অধিনায়ক রায়ন মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন এক ব্রাজিলিয়ান নারী। নিউজিল্যান্ডে ঘটে যাওয়া এই ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই নারী। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ভুক্তভোগী নারীর দাবি, গত ২৭ মার্চ নিউজিল্যান্ডের অকল্যান্ডে কেপ ভার্দে দল যে হোটেলে অবস্থান করছিল, সেখানেই এই ঘটনা ঘটে। সে সময় ‘ফিফা সিরিজ’ উপলক্ষে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দোভাষী ও অপারেশনাল সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
অভিযোগকারী জানান, পুলিশের দ্বারস্থ হওয়ার আগেই তিনি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের অপারেশনস বিভাগের কর্মকর্তা সল কাবরালসহ শীর্ষ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে আইনজীবীদের মাধ্যমে ফেডারেশন ও ফিফার কাছে কর্মকর্তাদের সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশট ও প্রয়োজনীয় নথি পাঠানো হলেও রহস্যজনকভাবে নীরব রয়েছে কর্তৃপক্ষ।
এদিকে গত ১০ এপ্রিল থেকে এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড পুলিশ। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারীর ফরেনসিক মেডিকেল রিপোর্টও পুলিশের হস্তগত হয়েছে। চিকিৎসা প্রতিবেদনে ওই নারীর ঘাড়, ঠোঁট, স্তন ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং যৌনাঙ্গে ক্ষতের কথা উল্লেখ রয়েছে।
নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, যৌন সহিংসতার মতো অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেলে আদালতে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে। তবে নিউজিল্যান্ড ও কেপ ভার্দের মধ্যে কোনো অপরাধী প্রত্যর্পণ চুক্তি না থাকায় আইনি প্রক্রিয়াটি বেশ জটিল হতে পারে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেকোনো ধরনের অসদাচরণের অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তবে স্বাধীন তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করবে না। অন্যদিকে নিউজিল্যান্ড ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনও বিষয়টি তদন্তাধীন থাকায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
৩৬ বছর বয়সী উইঙ্গার রায়ান মেন্দেস বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলছেন। দীর্ঘ ক্যারিয়ারে ফ্রান্সের লিল ও ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টের মতো ক্লাবে খেলা মেন্দেস কেপ ভার্দের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। দেশের হয়ে চারটি আফ্রিকা কাপ অব নেশনস খেলার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের দmap-এও তিনি রয়েছেন। এমন একজন তারকা ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের এই গুরুতর অভিযোগে ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে।
- নীরব চাকলাদার



