গ্রাম পুলিশে আবেদন করা রিন্টুর স্কুল সার্টিফিকেট ভূয়া,জানালেন প্রধান শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৮:৪০ অপরাহ্ণগোলাপগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে ভূয়া স্কুল সার্টিফিকেট দেখিয়ে গ্রাম পুলিশের চাকুরীর আবেদন করার অভিযোগ উঠেছে।
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের রিন্টু মালাকার সাধুর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন আগে গ্রাম পুলিশে নিয়োগের জন্য আবেদন করেন রিন্টু মালাকার সাধু। গ্রাম পুলিশে নিয়োগের ক্ষেত্রে অষ্টম শ্রেণী সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা রিন্টু মালাকার সালাম মকবুল উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করেছেন বলে একটি সার্টিফিকেট দিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন।
তবে গত ২৪ সেপ্টেম্বর রিন্টু মালাকারের বিভিন্ন অনৈতিক কাজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২ নং ওয়ার্ডের সাধারণ মানুষ স্মারকলিপি জমা দেয়ার পর পর গোলাপগঞ্জ মডেল থানার এস আই সোহেল রানা রিন্টুর মালাকারের বিষয়ে তদন্তের দায়িত্ব পান।
সার্টিফিকেট যাচাইকরণের জন্য গোলাপগঞ্জ মডেল থানা থেকে তুরুকভাগ গ্রামের সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চন্দ্র চন্দকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চন্দ্র চন্দ জানান,আমাকে গোলাপগঞ্জ মডেল থানা থেকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যে রিন্টু মালাকারের নামে ইস্যুকৃত একটি সার্টিফিকেট দিয়ে এর সত্যতা জানতে চাওয়া হয়েছিলো, আমি সার্টিফিকেটটি দেখেছি,এ ধরণের কোন সার্টিফিকেট আমরা ইস্যু করিনি,এবং রিন্টু মালাকার নামে কোন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে কখনো ছিলো না। জাল সার্টিফিকেট দিয়ে বিদ্যালয়ের মানহানি করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া এস আই সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি সার্টিফিকেটের বিষয়টি এড়িয়ে গিয়ে সে যদি কোন অন্যায় করে থাকে তাহলে তিনি সেটি সমাধান করে দিবেন বলেও জানান। তবে ভূয়া সার্টিফিকেটর বিষয় কিভাবে সমাধান করবেন জানতে চাইলে এ বিষয়ে তিনি কোন উত্তর দিতে পারেননি।





