কোম্পানীগঞ্জে ছালেখা হত্যার ঘটনায় আটক ২
শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৩:৪১ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে ছালেখা বেগম (৫২) নামের নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- বালুচার গ্রামের এমরান আহমদ ও নাজিম উদ্দিন।
এদিকে, হত্যার ঘটনায় নিহতের মেয়ে মেয়ে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ছালেখা বেগম কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে একটি বাড়িতে একাই থাকতেন। স্বামী আবদুর রউফের সঙ্গে বেশ কিছুদিন আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। নিহত ছালেখার চার মেয়ে ও দুই ছেলে। তবে কেউই তাঁর সঙ্গে থাকতেন না।
বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করলে সাড়া পাচ্ছিলেন না।পরে ঘরের দরজা খোলা দেখে ভেতরে উঁকি দিলে ঘরের মেঝেতে ছালেখার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।পরে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
থানার ওসি হিল্লোল রায় বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। লাশের ময়না তদন্ত শেষে আজ দাফন করা হবে।
সিলেটসংবাদ/হান্নান






