জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ১
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ

জৈন্তাপুর উপজেলার জালালবস্তি এলাকায় উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর মডেল থানার যৌথ মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে পরিচালিত এ অভিযানে জালালবস্তি এলাকার আলি আজঘরের পুত্র আশরাফ আহমদ (২১)কে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আশরাফ আহমদকে ৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উছমান গনি এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি (তদন্ত) উছমান গনি বলেন, “জৈন্তাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুনন্দা রায় বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, জালালবস্তি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত। সম্প্রতি জৈন্তাপুরে মাদকবিরোধী আন্দোলন জোরদার হওয়ায় মাদক কারবারিরা কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। এর আগে জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করলেও একটি চক্র এখনও সক্রিয় রয়েছে। তবে প্রশাসনের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে।
এদিকে, অভিযানের মাধ্যমে মাদক কারবারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
- নীরব চাকলাদার



