দোয়ারায় বঙ্গবন্ধুর ছবি ভাংচুর প্রশাসন নির্বিকার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ৫:৪০ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি নেতাকর্মী দ্বারা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় এখনো মামলা রেকর্ড হয় নি। প্রশাসনের নিরব ভূমিকায় ফুঁসে উঠছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শামিমুল ইসলাম শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ সদস্য শফিকুল ইসলাম রতন, আওয়ামী লীগ নেতা সামস উদ্দিন মাস্টার, হাবিবুর রহমান শেখ চান, মনোয়ার আলী, ডা. সামাদ, ডা. আসাম উদ্দিন, মাওলানা আব্দুল মজিদ, যুবলীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, শনিবার রাতে সুরমা ইউনিয়ন আওয়ামী লীগনকার্যালয়ে ঢুকে আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম আর্মির উপর হামলা করেন বিএনপি নেতা, ইউনিয়ন চেয়ারম্যান হারুন রশীদ, তার ভাই আব্দুর রশীদসহ ৭/৮ জন। এ সময় তারা কার্যালয় তছনছ ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে। ঘটনার সময় শফিকুল ইসলাম আর্মির বড়বোন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
রাতেই শফিকুল ইসলাম আর্মি বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে, ঘটনার তিনদিন অতিবাহিত হলেও মামলা রেকর্ড হয়নি।
এ ব্যাপারে, শফিকুল ইসলাম আর্মি বলেন, অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড হয় নি। বারবার থানায় যোগাযোগ করা হলেও পুলিশ টালবাহানা করছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টা দেখছে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শর করেছি। অবশ্যই মামলা রেকর্ড হবে।



