জর্ডানের বিপক্ষে বেঞ্চে থাকছেন মেসি, নিশ্চিত করলেন স্কালোনি
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে শুরু থেকেই খেলবেন না অধিনায়ক লিওনেল মেসি। শনিবার (২৭ জুন) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি জানান, টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই করা মেসি ম্যাচটি বেঞ্চে থেকে শুরু করবেন। প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হবে তাকে।
তিনি বলেন, লিও বেঞ্চে থেকে শুরু করবে। পরে সে মাঠে নামবে।
তবে ঠিক কখন মেসিকে মাঠে নামানো হবে বা জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে কারা থাকবেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি স্কালোনি।
আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আর্জেন্টিনা ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করেছে। অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া জর্ডান প্রথম দুই ম্যাচেই হেরে বিদায়ের মুখে রয়েছে।
বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন মেসি
প্রথম দুই গ্রুপ ম্যাচে আর্জেন্টিনার পাঁচটি গোলই করেছেন মেসি। এর মাধ্যমে ছয়টি বিশ্বকাপ মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। সেই ম্যাচেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ জয়ের ম্যাচে আরও দুটি গোল করে ১৮ গোল নিয়ে ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন মেসি।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি যুক্তরাষ্ট্রের এনএফএলের ডালাস কাউবয়েজের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। একই ভেন্যুতেই জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এমবাপ্পেও ছুঁয়েছেন ক্লোসেকে
ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ইরাকের বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচে দুটি গোল করে ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন। তবে নরওয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ী ম্যাচে গোল করতে পারেননি তিনি। চলতি টুর্নামেন্টে এমবাপ্পের গোলসংখ্যা চার।
মেসির সামনে আরও বড় লক্ষ্য
অনেকের মতে, ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২০১টি ম্যাচ, যার মধ্যে ফিফা রেকর্ড ২৮টি বিশ্বকাপ ম্যাচ রয়েছে। এছাড়া টানা ছয়টি বিশ্বকাপেই গোল করার অনন্য কীর্তিও গড়েছেন তিনি। এই কৃতিত্ব রয়েছে শুধু ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহোর।
বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে হালকা চোটে ভুগলেও টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে তাকে নিয়ে নতুন কোনো শারীরিক সমস্যার খবর পাওয়া যায়নি।
আর্জেন্টিনা আগামী শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় নকআউট পর্ব শুরু করবে। ৪৮ দলের এই সম্প্রসারিত বিশ্বকাপে ফাইনালে উঠতে হলে ১৭ দিনের মধ্যে মোট পাঁচটি নকআউট ম্যাচ খেলতে হবে তাদের। এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
- নীরব চাকলাদার



