ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, বরখাস্ত পাইলট
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
ভারতের দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ভুলবশত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই তথ্য নিশ্চিত করেছে।
গত ২২ জুন রাতে একটি এয়ারবাস এ-৩২১ উড়োজাহাজ (ফ্লাইট এআই৪৭৯) অমৃতসর বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ওই সময় রানওয়েতে পাখির আঘাতের (বার্ড হিট) একটি ঘটনার তদন্ত চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করার (গো-অ্যারাউন্ড) নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। আকাশে চক্কর দেওয়ার সময় রাত ১০টা ৮ মিনিটে বিমানটি অনিচ্ছাকৃতভাবে ও সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।
ডিজিসিএ জানিয়েছে, রাডার ভেক্টরিংয়ের সময় বিমানটি পাকিস্তানের আকাশসীমার প্রায় তিন মাইল ভেতরে ঢুকে পড়েছিল। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়। পরবর্তীতে জ্বালানি কমে যাওয়ায় বিমানটিকে অমৃতসরে নামাতে না পেরে দিল্লিতে ফেরত পাঠানো হয়। রাত ১১টা ২৭ মিনিটে দিল্লিতে নিরাপদ অবতরণের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানটি পুনরায় অমৃতসরের উদ্দেশে যাত্রা করে।
ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইট ক্রু ও অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, বিষয়টি নিয়ে তাদের অভ্যন্তরীণ তদন্ত চলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির জেরে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, যার পর দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতও হয়েছিল। সেই সংবেদনশীল পরিস্থিতির কারণেই এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ।
- নীরব চাকলাদার



