মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে গিয়ে পুলিশ সদস্য বরখাস্ত
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 29 August 2026, 6:30 PM
সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে বিক্রির বিজ্ঞাপন দেওয়া একটি মোটরসাইকেল ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে নিয়ে পালানোর অভিযোগে মোরসালিন নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার বইটিকর এলাকায় এ ঘটনা ঘটে। মোরসালিন সিলেটের বিয়ানীবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার বাসিন্দা সাইদুর রহমান নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে মোরসালিন ও ওলিউল ইসলাম নামের এক ব্যক্তি সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা হেতিমগঞ্জে গিয়ে মোটরসাইকেলটি দেখেন।
মোটরসাইকেলটি পছন্দ হওয়ার পর মোরসালিন সেটি চালিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। পরে ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে গোলাপগঞ্জের দিকে চলে যান। এতে সাইদুর রহমানের সন্দেহ হলে তিনি মোরসালিনের পিছু নেন।
পরে গোলাপগঞ্জ পৌর এলাকার বইটিকর এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় মোরসালিনকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ওলিউল ইসলাম মোরসালিনকে চেনেন না বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন মোরসালিনকে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেল-সংক্রান্ত ওই ঘটনার পর মোরসালিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, মোটরসাইকেল-সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার শনিবার সকালে মোরসালিনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এম এইচ আ



