অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্ধ : নিন্দা জানিয়ে সামাজিক আন্দোলনের বিবৃতি
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ১১:০৯ অপরাহ্ণঅর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলন। শুক্রবার (০৩ মার্চ) সংগঠনের জেলা আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান পান্না ও সদস্য সচিব সন্দিপন শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে রয়েছে এ অঞ্চলের গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের গভীর সম্পর্ক।গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচি চর্চা ও বিকাশের অনন্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার পর বিনামূল্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চিন্তা উদ্ভট, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক -সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক ও শহীদ মিনারের চেতনা পরিপন্থী।
বিবৃতিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার চক্রান্ত প্রতিহতের জন্য সিলেটের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান।





