তীব্র লড়াইয়ে জার্মানিকে হারিয়ে নকআউট নিশ্চিত ইকুয়েডরের
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ
ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে ইকুয়েডর। কঠিন লড়াইয়ে জয়ের পর সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। সব প্রতিকূলতা পেরিয়ে দারুণ এই জয়ে বিশ্বকাপে তাদের অভিযানও চলমান থাকলো। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে যাচ্ছে জার্মানি।
ম্যাচের মাত্র দুই মিনিটের মধ্যেই জার্মানি এগিয়ে যায় ইকুয়েডরের বিপক্ষে। কিন্তু সেই গোল দ্রুতই শোধ করে ইকুয়েডর ম্যাচের নবম মিনিটেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ১০ মিনিটের আগেই ম্যাচ ১-১ সমতায় থাকে। শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলাও শেষ হয় সে সমতায়।
প্রথমে দ্বিতীয় মিনিটে পায় জার্মানরা। ফ্লোরিয়ান উইর্টজের নিখুঁত পাস থেকে নিচের কোণে বল জড়িয়ে দেন লেরয় সানে। ম্যাচের দুই মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় জার্মানি।
তবে গোলটি নিয়ে ক্ষুব্ধ হতে দেখা যায় ইকুয়েডরের খেলোয়াড়রদের। লাতিন দলটির খেলোয়াড়রা দাবি করেন, আক্রমণ শুরুর আগে আলেকজান্ডার পাভলোভিচ পা তুলে পেদ্রো ভিতেকে ফাউল করেছিলেন। তবু গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।
এরপর ৯ মিনিটে ইকুয়েডরের নিলসন অ্যাঙ্গুলো বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বলটি ডানদিকের নিচের কোণায় পাঠান। পেদ্রো ভিটের সহায়তায়। ম্যাচে ফেরে সমতা।
দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে কর্নার থেকে কেভিন রদ্রিগেজ হেডে বল নামিয়ে দেন আর গনসালো প্লাতা দুর্দান্ত ভলিতে বল জড়িয়ে দেন জালের ছাদে। ম্যানুয়েল নয়্যারকে বোকা বানিয়ে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় ইকুয়েডর।
গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। গ্যালারিতে থাকা কোচ থেকে শুরু করে বদলি খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই উদ্যাপনে মেতে ওঠেন। শেষ পর্যন্ত চমক দেখিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নকআউটে জায়গা কওরে নিয়েছে লাতিনের দলটি।
নীরব চাকলাদার



