মোগলাবাজারে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মোটর সাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণসিলেটের মোগলাবাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে মোটর সাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের নিহত হয়েছেন হয়েছেন। রবিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেটের পারাইরচকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সিলেটের মোগালাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহীবিশিষ্ট একটি মোটরসাইকেলকে এই চেকপোস্টে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের থামার সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়।
এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল মাহমুদ (২৭) দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যান। এসময় ফয়সল গুরুতর আহত হন। তাকে অন্য পুলিশরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ফয়সল মাহমুদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। তিনি সম্প্রতি পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।
এঘটনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭) কে আটক করেছে পুলিশ। তারা ফয়সলকে ধাক্কা দেওয়া মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কনস্টেবল ফয়সলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাইন উদ্দিন বলেন- দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিলেটসংবাদ/হান্নান






