সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের দ্বারাই সম্ভব- ডা. দুলাল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ২:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য এবং সিলেট-৩ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের দ্বারাই সম্ভব। জননেত্রী শেখ হাসিনার সরকারই পারে সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন উপহার দিতে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি বাজার ও সারকারখানা বাজারে গণসংযোগকালে ডা. দুলাল আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন আমি নেত্রীকে এ আসনে নৌকা উপহার দেবো।
এর আগে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেন এবং তার ছোট ভাই আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সাথে মতবিনিময় করেন।
গণসংযোগকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বিভিন্নস্থরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





