নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কৃতজ্ঞতা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
জাতীয় সংসদে বৃহস্পতিবার (১১ জুন) ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় আগামী ১ জুলাই হতে ধাপে ধাপে ‘নবম জাতীয় পে-স্কেল’ বাস্তবায়নের যুগান্তকারী ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি (বিডব্লিউপিইএ)।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দূরদর্শী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট সব নীতিনির্ধারকের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিডব্লিউপিইএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলায় জীবনযাত্রার মানোন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও কর্মস্পৃহা সঞ্চারে সরকারের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
‘দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, নবায়নযোগ্য শক্তির প্রসার, জিরো-কার্বন লক্ষ্যমাত্রা অর্জন, আধুনিক স্মার্ট গ্রিড ও টেকসই অবকাঠামো নির্মাণ,চতুর্থ শিল্প বিপ্লবের (ফোরআইআর) চ্যালেঞ্জ মোকাবেলাসহ দক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। বিডব্লিউপিইএ প্রত্যাশা করে, নতুন পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় অগ্রযাত্রায় নিয়োজিত প্রকৌশলীদের এ অনন্য অবদান, গুরুদায়িত্ব ও কারিগরি দক্ষতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশের পানি, বিদ্যুৎ ও জ্বালানিসহ সব কৌশলগত খাতের টেকসই সমৃদ্ধি অর্জনে সরকারের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে বিডব্লিউপিইএ ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অগ্রণী ভূমিকা পালন করতে অঙ্গীকারাবদ্ধ।’
- নীরব চাকলাদার



