আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 07 September 2026, 9:04 PM
দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত আগস্টে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিএসের হিসাবে, জুলাইয়ের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতিও কমে ৭ দশমিক ২ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।
তবে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় মূল্যস্ফীতি বেড়েছে। আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
গত বছরের আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমেছে।
বিবিএস জানায়, আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০১ শতাংশে নেমেছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
শহরাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। এ সময়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারও কমেছে। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ। গত বছরের আগস্টে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ।
অর্থাৎ আগস্টে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ হলেও সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার শূন্য দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম ছিল। আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ।
সিলেট/এম এইচ আ



