বেড়েছে সবজির দাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 20 September 2024, 4:08 PM
স্বস্তি নেই সবজির বাজারে। সব সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ১৭০ টাকা, প্রতি পিস লাউ ৬০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, দেশি শশা ৪০ টাকা, বরবটি ১২০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, পটল ৫ টাকা, কাঁকরোল ৭০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, জালি কুমড়া ৬০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০ টাকা, মুলা ৮০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে মাছের দামও। মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। চাষের পাঙাস কেজি ১৮০ টাকা, তেলাপিয়া ২০০, শিং ৫০০ টাকা,পাবদা ৫০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৫০০ টাকা, এক কেজি ওজনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০টাকায়।
এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে কেজি, যা গত সপ্তাহে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে। লাল বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৬০থেকে ১৬৫ টাকায়।
অন্যদিকে, মুদিবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৫০টাকা। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। রসুন ২২০ ও আদা ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মদিনা মার্কেটের সবজি বিক্রেতা রুবেল মিয়া জানান, মোকামে সবজির সরবরাহ কম থাকার কারণে এ সপ্তাহে দাম বেড়েছে। দোকানদাররা তাদের চাহিদা মতো সংগ্রহ করতে পারেনি আজ। এর কারণ হলো গত কয়েকদিন টানা বৃষ্টি। ফলে বাজারে চাহিদার তুলনায় সবজি কম। তাই গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কিছুটা বেড়েছে।
আম্বরখানা কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী নাদির শাহ বলেন, সবজির দাম বাড়তি দেখছি। সরকারের উচিত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করা।
অর্থ ও বাণিজ্য/আবির




