দোয়ারাবাজারে মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।। শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 24 March 2024, 1:54 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। মাত্র ৪ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ে শিশু শ্রেণিসহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা না থাকলেও শিক্ষক স্বল্পতার কারণে গুণগত ও মানসম্মত শিক্ষাদান করা সম্ভব হয়ে উঠছে না বলে জানান বিদ্যালয়ের শিক্ষক,পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অজো পাড়া-গাঁয়ে অবস্থিত আমাদের এই বিদ্যালয়টি। এতে দোয়ারাবাজার উপজেলাধীন ৪ টি গ্রাম মন্তাজনগর,দৌলতপুর,সারপিন নগর,নছর নগর, ও ছাতক উপজেলার ১ টি গ্রাম বৃহত্তর সৈদাবাজ এলাকার ৩ শত ১৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করে। পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে অত্র বিদ্যালয়ের লেখাপড়ার মান ভাল।
শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৬ টি শ্রেনীতে মাত্র ৪ জন শিক্ষক দিয়ে ৩ শত ১৫ জন শিক্ষার্থীদের পাঠদান করতে আমাদের খুব কষ্ট করতে হয়। আমরা বার বার শিক্ষা অফিসে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করলেও কোনো সমাধান পাচ্ছিনা।
বিদ্যালয়ের সভাপতি আনছার আলী বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বার বার বলেও কোনো ফল পাওয়া যায়নি। শিক্ষক সংকটে অত্র বিদ্যালয়ে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে ৬ গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে পিছিয়ে পড়বে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা শিক্ষক সংকটের কথা স্বীকার করে বলেন, আমাদের শিক্ষক সংকট রয়েছে। যে হারে নিয়োগ হচ্ছে তা দিয়ে সংকট সমাধান করা যাচ্ছেনা।
নতুন নিয়োগ না হলে শিক্ষক সংকট কাটবে না। নিয়োগ দেওয়ার আগপর্যন্ত এভাবেই চলতে হবে।
শিক্ষা/হা




