বিদেশে উচ্চশিক্ষার পথ দেখাবে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স্কলারভাই’
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 12 October 2026, 6:22 PM
বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি খোঁজা, নিজের যোগ্যতা যাচাই এবং আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা এসব কাজ অনেক শিক্ষার্থীর জন্যই কঠিন। কোন বৃত্তিতে আবেদন করা যাবে, কীভাবে আবেদনপত্র তৈরি করতে হবে কিংবা অধ্যাপকের সঙ্গে যোগাযোগের উপায় কী এমন নানা প্রশ্নের উত্তর দিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান। ‘স্কলারভাই’ (ScholarBhai.com) নামের এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা বিনা মূল্যে বিভিন্ন সেবা নিতে পারবেন।
রাহাত জামান বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্ল্যাটফর্মটি তৈরিতে তার সঙ্গে কাজ করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান ও সংগঠনটির কর্মী ফরিদুল রেজা সাগর।
উদ্যোক্তারা জানান, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বৃত্তি খোঁজা থেকে শুরু করে আবেদনের বিভিন্ন ধাপের কাজ সহজ করাই এই প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্য। শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক সক্ষমতার তথ্য বিশ্লেষণ করে উপযুক্ত বৃত্তি খুঁজতে সহায়তা করবে এটি। পাশাপাশি আবেদনের জন্য প্রয়োজনীয় নথি তৈরি ও পর্যালোচনা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা।
যোগ্যতা অনুযায়ী বৃত্তি খোঁজার সুযোগ
উদ্যোক্তাদের ভাষ্য, শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে একটি প্রোফাইল তৈরি করবে। এতে জিপিএ বা সিজিপিএ, আইইএলটিএসের স্কোর, পড়াশোনায় বিরতি (স্টাডি গ্যাপ) এবং ব্যাংক স্থিতির মতো বিষয় বিবেচনায় নেওয়া হবে। এরপর প্ল্যাটফর্মের ডেটাবেজে থাকা বৃত্তির শর্তের সঙ্গে শিক্ষার্থীর যোগ্যতা মিলিয়ে একটি ‘ফিট স্কোর’ দেখানো হবে। যোগ্যতার ঘাটতি থাকলে তা পূরণে প্রয়োজনীয় পরামর্শও দেবে সিস্টেমটি।
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। প্রতিটি আবেদনের জন্য ‘ডকুমেন্ট ওয়ার্কস্পেস’ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ভেদে সিভি সাজানো যাবে। স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও কাভার লেটারের খসড়া পর্যালোচনার জন্য রয়েছে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’। এর মাধ্যমে কাগজপত্রের মান উন্নয়নে পরামর্শ পাওয়া যাবে। একই সঙ্গে শিক্ষার্থীর নিজস্ব লেখা ও বক্তব্যের স্বকীয়তা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
অধ্যাপকের সঙ্গে যোগাযোগেও এআইয়ের সহায়তা
প্ল্যাটফর্মটির আরেকটি সুবিধা ‘এআই প্রফেসর আউটরিচ’। এতে কোনো অধ্যাপকের নাম ও বিশ্ববিদ্যালয়ের তথ্য দিলে তার সাম্প্রতিক গবেষণার বিষয় খুঁজে তথ্যসূত্রসহ একটি পেশাদার ই-মেইলের খসড়া তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছে গবেষণার আগ্রহ তুলে ধরে যোগাযোগের প্রস্তুতি নিতে পারবেন শিক্ষার্থীরা।
এ ছাড়া বৃত্তির আবেদনপ্রক্রিয়া সম্পর্কে নির্দেশিকা ও কমিউনিটি ফোরাম থাকছে প্ল্যাটফর্মটিতে। এর মাধ্যমে যাচাইকৃত বিশেষজ্ঞ এবং বিদেশে উচ্চশিক্ষা নেওয়া সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ থাকবে।
উদ্যোগের বিষয়ে রাহাত জামান বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি। চীন সফর শেষে দেশে ফিরেই বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম করার ইচ্ছা ছিল। গত তিন মাস ধরে ওয়েবসাইটটি তৈরির কাজ করে গেছি।’
তিনি আরও বলেন, শাবিপ্রবি ক্যাম্পাস থেকে তৈরি এই বৈশ্বিক শিক্ষা প্ল্যাটফর্ম ভবিষ্যতে দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে বিনা মূল্যে সেবাগুলো নিতে পারবেন। তবে একটি জিমেইল আইডি দিয়ে একবারই লগইন করা যাবে। পাশাপাশি প্রতি সপ্তাহে একটি বিনা মূল্যের সেমিনারের আয়োজন করা হবে। এতে শাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেওয়া জ্যেষ্ঠ শিক্ষার্থীরা অংশ নিয়ে আগ্রহীদের প্রশ্নের উত্তর দেবেন।
প্ল্যাটফর্মটির কারিগরি দিক তুলে ধরে উদ্যোক্তা দলের সদস্য ফরিদুল রেজা সাগর বলেন, শিক্ষার্থী হিসেবে তারা নিজেরাই বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি খোঁজা, আবেদনের সঠিক নির্দেশনা পাওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যবস্থাপনার জটিলতা দেখেছেন। একাধিক বৃত্তিতে আবেদনের সময়সীমা মনে রাখা এবং এআই ব্যবহারের জন্য বারবার ব্যক্তিগত তথ্য দেওয়াও সময়সাপেক্ষ। এসব সমস্যা কমিয়ে শিক্ষার্থীদের জন্য সহজে ব্যবহারযোগ্য একটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ‘স্কলারভাই’ তৈরি করা হয়েছে।
সিলেট/আবির



