জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই : আব্দুল গফফার
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : 11 June 2023, 11:53 PM
আসন্ন ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন। সিসিকের বিভিন্ন ওয়ার্ড জুড়ে এখন নির্বাচনী হাওয়া বইছে। সেই হাওয়ায় পাল তুলেছেন ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল গফফার। এবার সিসিক নির্বাচনে (কাটা চামচ মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল গফফার। তিনি জানান সিসিকের নবগঠিত এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন,আমি এলাকার উন্নয়ন ও সমাজের কল্যাণ করতে নির্বাচনে এসেছি। সমাজের কল্যাণ করতে হলে জনপ্রতিনিধি হওয়া অন্তত গুরুত্বপূর্ণ। ব্যক্তি উদ্যোগে অনেক কাজ চাইলেই করা সম্ভব না,কিন্তু একজন কাউন্সিলর যদি চান সেই কাজ করা অনেক সহজ।
আব্দুল গফফার নবগঠিত ৩০ নং ওয়ার্ড নিয়ে ব্যাপক পরিকল্পনার কথা জানান,এই ওয়ার্ডকে ঢেলে সাজাতে চান তিনি,গফফার বলেন,প্রথমে আমি ওয়ার্ডের জনগণের কথা শুনবো,তারপর সেই লক্ষ্যে উন্নয়ন কাজ শুরু করব।
দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা জানিয়ে বলেন,আমি দীর্ঘদিন থেকেই আমার ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি,বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে কাজ করছি। এসব সামাজিক কাজ করতে গিয়ে মানুষের খুব কাছ থেকে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি। তখন থেকেই আমি আমার ওয়ার্ডের মানুষের সুখ দুখের ভাগীদার হতেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচনে জয়লাভ নিয়ে আশাবাদী আব্দুল গফফার। তিনি বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসে,আমার প্রতি তাদের আস্থা আছে। ২১ তারিখের ভোটের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটবে বলেও বিশ্বাস করেন তিনি।
আব্দুল গফফারের ওয়ার্ডে বিভিন্ন জেলার অনেক মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করেন,তাদের দীর্ঘদিনের দাবি একটি কবরস্থানের। সেই বিষয়ে আলোকপাত করলে গফফার বলেন,এই দাবি অন্তত যৌক্তিক, আমি নির্বাচিত হলে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি এই বিষয় নিয়েও কাজ করব।
সিসিকের নবগঠিত ৩০ নং ওয়ার্ডে আব্দুল গফফার সহ মোট ১৯ জন কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুল গফফার বলেন,নির্বাচন মানেই চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ না নিলে সফল হওয়া যায় না। তাই এতো প্রার্থীর ভিড়েও নিজের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।





