২৪ জুলাই ঢাকায় গাইবেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
অবশেষে অপেক্ষার অবসান ঘটছে বাংলাদেশের সংগীতপ্রেমীদের। নানা জটিলতা কাটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
এর আগে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে অনুষ্ঠান শুরুর মাত্র দুই দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।
সে সময় আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন প্রতিশ্রুতি দিয়েছিল, পরিস্থিতি অনুকূলে এলে একই আয়োজন নতুন তারিখে অনুষ্ঠিত হবে। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ২৪ জুলাই।
কনসার্ট স্থগিত হওয়ার পর আতিফ আসলাম নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে জানিয়েছিলেন, তিনি আবার ঢাকায় ফিরবেন। একই সঙ্গে আগের কনসার্টের টিকিট পুনর্নির্ধারিত আয়োজনে বৈধ থাকবে বলেও আশ্বস্ত করেছিলেন তিনি।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থল (ভেন্যু) শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
২০২৫ সালের কনসার্টের টিকিট কিনে যারা রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত Re-Apply প্রক্রিয়া সম্পন্ন করলেই তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তা সরবরাহ করা হবে।
এছাড়া যারা আগে রিফান্ডের আবেদন করেছিলেন, তারাও চাইলে সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের আবেদন করতে পারবেন। তাদের জন্যও নতুন টিকিট বিনামূল্যে ইস্যু করা হবে।
অন্যদিকে নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট গেট মাই টিকিট ডট লাইভ প্ল্যাটফর্মে বিক্রি করা হবে। টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে।
মেইন স্টেজ ইনকর্পোরেশনের পরিচালক কাজী রাফসান বলেন, ‘গত বছরের অসমাপ্ত আয়োজনকে পূর্ণতা দিতেই আমরা আবার এই কনসার্টের উদ্যোগ নিয়েছি। এটি শুধু একটি কনসার্ট নয়, দর্শকদের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণের আয়োজন।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
- নীরব চাকলাদার



