শাবিপ্রবিতে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক হয়রানি রোধে ৫ দফা দাবি
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের একাডেমিক হয়রানি প্রতিরোধে উপাচার্যের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে অধিকারভিত্তিক সংগঠন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া চারটার দিকে সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এ স্মারকলিপি জমা দেন।
সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ফলাফল প্রকাশে বিলম্ব, খাতা পুনর্মূল্যায়নের সুযোগ না পাওয়া, শিক্ষক মূল্যায়নের অনুপস্থিতি এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষার সীমাবদ্ধতার কারণে নানা ধরনের একাডেমিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যার সমাধানেই তাদের ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
উত্থাপিত দাবিগুলো হলো
১) অ্যানোনিমাস কোডিং সিস্টেম চালু,পরীক্ষার খাতায় নাম ও রোলের পরিবর্তে কোড ব্যবহার করে নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা।
২) সময়োপযোগী ফলাফল প্রকাশ: সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করা।
৩) খাতা পুনর্মূল্যায়ন সুবিধা: ফলাফল প্রকাশের ৩ দিনের মধ্যে চ্যালেঞ্জের সুযোগ এবং ১৫ দিনের মধ্যে পুনর্মূল্যায়িত ফলাফল প্রকাশ।
৪) শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা: শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষণ পদ্ধতি ও মানোন্নয়ন করতে হবে।
৫) ইম্প্রুভমেন্ট পরীক্ষার সুযোগ ও সংস্কার: ৩-এর নিচে প্রাপ্ত যেকোনো কোর্সে ক্লাস ছাড়াই কেবল ক্রেডিট ফি দিয়ে ইম্প্রুভমেন্ট পরীক্ষার সুযোগ রাখা।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেবে।
সিলেট সংবাদ/শিক্ষাঙ্গন/আবির





