গোলাপগঞ্জ উপজেলার কটলীপাড়া গ্রামে সাবেক জামায়াত নেতার বাড়িতে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলার কটলীপাড়া নিবাসী সাবেক জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ নুরুল ইসলাম কে গ্রেফতার করতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোমবার সকাল ১১:০০ ঘটিকার সময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার কটলীপাড়া গ্রামে এ অভিযান করে। তবে উক্ত অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায়, মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় ২০১১ সালে দায়ের করা ১টি মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এ অভিযান করেছে বলে উল্লেখ করেন। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, উক্ত পুলিশি অভিযানের সময় পুলিশ সদস্যরা মোহাম্মদ নুরুল ইসলাম কে না পেয়ে তার ছোট ভাই বদরুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে সময় স্থানীয় জনসাধারনের প্রতিবাদের কারণে পুলিশ তাকে গ্রেফতার না করে চলে যায়।
বুধবারীবাজার ইউনিয়ন জামায়াতের নিন্দা ও প্রতিবাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং বুধবারীবাজার ইউনিয়ন শাখার সভাপতি জনাব আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান এক যৌথ বিবৃতিতে সাবেক জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলামের বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।




