সিলেটে পুলিশের টার্গেট মোটরসাইকেল : একজনের বেশি উঠলেই ব্যবস্থা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 05 October 2015, 8:33 AM
ঢাকা ও রংপুরে এক সপ্তাহের ব্যবধানে মোটরসাইকেল আরোহীরা দুই বিদেশি নাগরিককে হত্যার পর সারাদেশে কঠোরভাবে মোটরসাইকেল তল্লাশি শুরু হয়েছে। সিলেটেও মহানগর পুলিশ (এসএমপি) মোটরসাইকেলকে টার্গেট করে মাঠে নেমেছে। মোটরসাইকেল আরোহীদের নজরদারি করা হচ্ছে। মোটরসাইকেলে একজনের বেশি আরোহী দেখলেই করা হচ্ছে তল্লাশি। চালকসহ তিনজন আরোহী থাকলেই নেয়া হচ্ছে ব্যবস্থা।
জানা যায়, গত ৫ জানুয়ারি পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে নাশকতার মহোৎসব চলাকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়। সেই নির্দেশনায় বলা হয়, মোটরসাইকেলে একজনের বেশি আরোহণ করা যাবে না। ওই সময় এ নির্দেশনার প্রেক্ষিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
তবে সরকারবিরোধী আন্দোলনের তীব্রতা কমে যাওয়ার পর মোটরসাইকেলে একের অধিক যাত্রী আরোহণ বেড়ে যায়। তবে গত এক সপ্তাহের ব্যবধানে মোটরসাইকেলে করে দুই বিদেশীকে হত্যার পর ফের অ্যাকশনে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে যাকে ও যে যানবাহনকে সন্দেহ হবে তখনই তল্লাশি চালানো হবে। মোটরসাইকেলে একজনের বেশি উঠতে পারবে না। দুইজন বা তিনজন আরোহী হলেই তারা তল্লাশির মুখে পড়বেন। তাদের নামিয়ে দেওয়া হবে। সারাদেশে পুলিশকে সেরকম নির্দেশনাই দেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সিলেট মহানগর পুলিশের কাছেও এসেছে। এরপর থেকেই নতুন করে সিলেটে মোটরসাইকেলের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে পুলিশ। মোটরসাইকেলে একের অধিক যাত্রী থাকলেই নামিয়ে দেয়া হচ্ছে। নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘পুলিশ আগে থেকেই নিবন্ধনবিহীন ও সন্দেহভাজন মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশন আরো জোরদার হবে।’
. . . . . . . . .




