কানাইঘাট সীমান্তে কৃষিজমিতে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 11 October 2026, 12:52 PM
সিলেটের কানাইঘাটে ভারতের সীমান্তসংলগ্ন একটি কৃষিজমি থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পিঠে তিনটি গুলির চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ভারত সীমান্তে প্রবেশের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাংলাদেশের ভেতরে এসে মারা যান। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন শাহিন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। শনিবার সকাল ১০টার দিকে সীমান্তসংলগ্ন সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। বিকেলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহিনের পিঠে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের স্থানটি দুর্গম সীমান্ত এলাকায়। সেখানে যাতায়াত করতে নৌকা ও মোটরসাইকেল ব্যবহার করতে হয়। নিহত শাহিন পেশায় কৃষক ছিলেন। তবে সীমান্তবর্তী এলাকায় বসবাসের কারণে মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়াপুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহিন ভারত সীমান্তে প্রবেশের সময় গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। পরে বাংলাদেশের ভেতরে এসে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফল গুরুত্বপূর্ণ হবে।
এম এইচ আ




