জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় আহত ১
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : 10 October 2026, 1:34 PM
সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে মারধরে গুরুতর আহত হয়েছেন শামীম আহমদ নামে এক ব্যবসায়ী। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শামীম আহমদ জকিগঞ্জ শহরের ‘রাজমহল’ নামক প্রতিষ্ঠানের মালিক। এই ঘটনায় তাঁর বড় ভাই মাস্টার জামাল আহমদকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু পরিবারের বরাতে জানান, রাত ৩টার দিকে ৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে ফেলে এবং পুরো ঘরে তল্লাশি চালায়। এ সময় তারা ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং প্রমাণের অংশ হিসেবে ঘরের সিসি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে লুটেরা কত টাকা নিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান আরও জানান, ডাকাতদল মালামাল লুট করতে গেলে ব্যবসায়ী শামীম আহমদ তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাঁকে মারাত্মকভাবে মারধর করে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির সাথে জড়িতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে।”
এম এইচ আ




