সিলেটের বিভিন্ন সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 16 September 2026, 7:24 PM
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার ছয়টি সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ৪৮ বিজিবির সদস্যরা। এ সময় ভারতীয় গরু, জিরা, প্রসাধনসামগ্রী, চকলেট, সুপারি, শনপাপড়ি, বিড়ি ও গরুর মাংসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
এ ছাড়া একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও একটি নৌকা আটক করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৮ বিজিবির অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ আ



