ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস কানাডায়, চিকিৎসকের সংযুক্তি বাতিল
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 16 September 2026, 7:08 PM
সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক অনুমোদিত ছুটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাড়ে তিন মাস ধরে কানাডায় অবস্থান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর সংযুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সিলেটের সিভিল সার্জন কার্যালয়।
অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. শাহিনুর রহমান। তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. শাহিনুর রহমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জেলা সিভিল সার্জনের আদেশে তাঁকে সংযুক্তি হিসেবে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওসমানীনগরে প্রায় আট মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের ১ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা ছুটি না নিয়েই তিনি কানাডায় চলে যান। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান বলেন, ডা. শাহিনুর রহমান হাসপাতালে কাজে যোগ না দেওয়ায় তাঁকে শোকজ করা হয়েছিল। শোকজের পরও তিনি কাজে যোগ না দেওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
তিনি বলেন, পরে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে ডা. শাহিনুর রহমানের সংযুক্তি বাতিল করা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডা. শাহিনুর রহমান অনুমোদিত ছুটি না নিয়েই বিদেশে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডা. শাহিনুর রহমানের বক্তব্য জানা যায়নি।
এম এইচ আ




