সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ছাত্রলীগের ৬ নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 07 September 2026, 8:35 PM
সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের তৎপরতা ঠেকাতে অভিযান চালিয়ে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫), শাহ তাহমিদ আহমদ (৩৩), মো. সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয় (২৬)।
পুলিশ জানায়, সর্বশেষ রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের রিকাবীবাজার এলাকার নূরী রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন বিয়ানীবাজার থানার আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মিসবাউর রহমানের ছেলে। এহসান হোসেন একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। আব্দুল্লাহ আল রাহি বিয়ানীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে। শাহ তাহমিদ আহমদ আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মৃত শাহ মোবারক হোসেনের ছেলে।
এর আগে গত শুক্রবার ও শনিবার মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। তাঁরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ এবং সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয়।
পুলিশের ভাষ্য, গত ২৮ আগস্ট নগরের কোতোয়ালি থানাধীন পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নগরের বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছিলেন। এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে ১৮ জুন করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় এবং ৩০ আগস্ট করা আরেকটি মামলাতেও একই আইনের ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা নগরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছিলেন। মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক-দুজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট/এম এইচ আ



