গোলাপগঞ্জে অস্ত্রসহ ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, গ্রেপ্তার ৫
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 02 September 2026, 6:59 PM
সিলেটের গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যরা অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশের প্রেসনোটে বলা হয়, কয়েকজন ব্যক্তি অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শুভ্র চন্দ্র দাস, এএসআই মো. আলাহার মিয়া ও এএসআই মো. বেলাল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদ আহমদ (২৪), রায়হান আহমদ (১৯), আবুল কালাম (৩০), জাকির আহমদ (২৯) ও ইফাতুর রহমান (২৩)। পুলিশ জানিয়েছে, প্রথম চারজন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ইফাতুর রহমান দক্ষিণ সুরমা থানার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, পুলিশের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম এইচ আ



