গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে সিলেট মহানগর পুলিশ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 03 August 2026, 7:45 PM
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে বিস্ফোরক উদ্ধার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে সিলেট মহানগরও সম্ভাব্য হামলার ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নবনিযুক্ত কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
সভায় এক সাংবাদিক সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরক উদ্ধার এবং পুলিশের ওপর হামলার ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে ধরে জানতে চান, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর পুলিশ কী ধরনের প্রস্তুতি নিয়েছে।
জবাবে সারোয়ার মুর্শেদ শামীম বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন উৎস থেকে এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়মিত পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
পুলিশ কমিশনার নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, কারও কাছে যদি সম্ভাব্য নাশকতা বা সন্দেহজনক কোনো তৎপরতা সম্পর্কে তথ্য থাকে, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে। এমন তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এম এইচ আ



