সিলেটসহ সারাদেশে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করলো সরকার
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 01 August 2026, 6:13 PM
সিলেটসহ দেশের সব গণপরিবহনে শনিবার (১ আগস্ট) থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন এ নির্দেশনা অনুযায়ী, জিপিএস ছাড়া কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া হবে না। একই সঙ্গে ফিটনেস সনদ প্রদান বা নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্তির প্রমাণ দেখাতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিআরটিএ বলছে, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এর ফলে সিলেটসহ দেশের সব রুটে চলাচলকারী বাস, মিনিবাস ও অন্যান্য গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত এবং সচল রাখা বাধ্যতামূলক হবে।
নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে নতুন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ প্রদান ও নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস সংযুক্তির প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, সেটিও দেখাতে হবে।
বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত কারিগরি মান বা স্পেসিফিকেশন অনুযায়ী জিপিএস ডিভাইস সংযুক্ত করার পরই নিবন্ধন ও ফিটনেস-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হবে। ডিভাইসের কারিগরি বিবরণ সংস্থাটির স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।
এদিকে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচলে যাত্রী তোলাকে কেন্দ্র করে রেষারেষি, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দীর্ঘদিনের। তাই জিপিএস চালু হলে যানবাহনের অবস্থান, গতি ও নির্ধারিত রুট পর্যবেক্ষণ সহজ হবে। এতে পরিবহন ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়বে এবং নিয়ম লঙ্ঘনের ঘটনা শনাক্ত করাও সহজ হবে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে পরিবহন মালিকদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে সব গণপরিবহনে জিপিএস স্থাপন করা বাস্তবে চ্যালেঞ্জিং।
অন্যদিকে বিআরটিএ কর্মকর্তারা বলছেন, জিপিএস বাধ্যতামূলক করা ইতিবাচক উদ্যোগ হলেও কেবল প্রযুক্তি ব্যবহারে সড়কে শৃঙ্খলা ফিরবে না। এর পাশাপাশি কার্যকর তদারকি, আইন প্রয়োগ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং দক্ষ চালক নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
এম এইচ আ



