সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
সিকডে
প্রকাশিত হয়েছে : 01 August 2026, 6:08 PM
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ জনে।
স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং এখনো শত শত সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের শনিবার (১ আগস্ট) প্রকাশিত দৈনিক হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৩ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২০ জন, হবিগঞ্জে ৬২ জন (এর মধ্যে দুইজন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ৪৮ জন এবং সুনামগঞ্জে ৩৩২ জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৬২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে এসব রোগী ভর্তি হন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১০ মাস বয়সী। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যজন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১৫ মাস বয়সী, যিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ১০৭ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৪৮ জনের মৃত্যু হয়েছে।
এম এইচ আ




