দেশে ফিরলেই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হবে’, সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 31 July 2026, 6:59 PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি বলেন, “ওইখানে বসে বসে রাজনীতি করে ধমক দেয়—আমি কিন্তু আসব। আসেন না, কই আসবেন?”
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের একটি ইঞ্চি মাটিতে শেখ হাসিনা যখনই নামবেন, তখনই তাঁর বিরুদ্ধে দেওয়া ফাঁসির আদেশ বাস্তবায়ন করা হবে।”
বক্তব্যে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ প্রায় ৪০০ জন নিহত হয়েছেন এবং এর দায় তৎকালীন সরকারের। তিনি বলেন, “অনেকে হয়তো আবু সাঈদকে ভুলে যেতে পারেন, কিন্তু আমরা যতদিন বেঁচে আছি, ততদিন তাঁদের রক্ত ভুলব না।”
সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে। তাঁর দাবি, দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। এ অবস্থানের বিরুদ্ধে গেলে বিএনপি জনসমর্থন হারাবে।
তিনি আরও দাবি করেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট রয়েছে। পাশাপাশি কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে যাচ্ছে বলেও অভিযোগ করেন।
অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দেশে স্থবিরতা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশামতো চালু না হওয়া এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত চুক্তি না আসাও সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে তাঁদের দলের তিনটি প্রধান দাবি ছিল—সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। তাঁর দাবি, প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাই সংস্কারবিরোধী অবস্থান নিলে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এম এইচ আ



