‘বাতাসে দাঁড়িয়ে গান শুনলে আলোচনা কেন’, বিউটি পাল প্রসঙ্গে ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 28 July 2026, 4:07 PM
সিলেটের ফেঞ্চুগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা-সমালোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এক সাংবাদিক বিউটি রানী পালের ভিডিও নিয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, “এটা নিয়ে কোনো কথা হবে না। একজন মানুষ বাতাসের মধ্যে দাঁড়িয়ে গান শুনছে—এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে?”
তিনি আরও বলেন, “আজ আমি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা যদি বলেন, ‘কথা বলল কেন? চলেন এটা নিয়ে আলোচনা-সমালোচনা করি’—তাহলে কেমন হয়?”
সাংবাদিকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, “এটা নিয়ে আলোচনা-সমালোচনা আপনারাই করেছেন। জনগণ বা অন্য কেউ করছে না।”
এদিকে, মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিউটি রানী পাল তাঁর পাশে দাঁড়ানো শিক্ষক, সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি লেখেন, “গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমে আপনারা যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।”
একই পোস্টে তিনি ‘শিক্ষক সুরক্ষা আইন–২০২৬’ প্রণয়নের দাবি জানিয়ে বলেন, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
সম্প্রতি বৃষ্টির গানের সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর বিউটি রানী পালকে নিয়ে ট্রল ও সমালোচনা শুরু হয়। কেউ কেউ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন।
তবে এই ঘটনার পর তাঁর পাশে দাঁড়ান দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ। সংহতি জানিয়ে অনেকেই একই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
বিউটি রানী পাল ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত বিদ্যালয়ের পাঠদান, শিশুদের শরীরচর্চা, গান-নাচের মাধ্যমে পাঠদান, বৃক্ষরোপণ ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের ভিডিও প্রকাশ করে থাকেন।
এ ঘটনায় অনলাইনে হয়রানির অভিযোগ এনে সোমবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিউটি রানী পাল।
এম এইচ আ



