লাউ নাকি ঝিঙে— গরমে স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 27 July 2026, 9:23 PM
পানিতে ভরপুর, কম ক্যালোরিযুক্ত আর পেটের জন্য আরামদায়ক— গ্রীষ্মের জন্য আদর্শ সবজি ঝিঙে ও লাউ। কিন্তু পুষ্টিগুণের বিচারে কে এগিয়ে? কোন সবজিকে আপনার শরীরে সবচেয়ে উপকারী জানেন কি?
তাপপ্রবাহে এক টুকরো স্বস্তি এনে দিতে পারে পানিতে ভরা গ্রীষ্মের সবজিগুলো। গরম পড়লেই হালকা, ঠান্ডা ও সহজপাচ্য খাবার খুঁজতে শুরু করে শরীর। আর তখন রান্নাঘরে জেঁকে বসে লাউ আর ঝিঙের মতো সবজি। এ ধরনের সবজি দেখলে অনেকেই নাক সিঁটকান, কিন্তু লাউ আর ঝিঙের গুণের কাছে মাথা নত করতেই হয়। লাউ না ঝিঙে— দুটি সবজিই আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমের জন্য ভালো। তবে দুটির পুষ্টিগুণ বিচার করলে দেখা যাবে, উপকারিতার তালিকা খানিকটা ভিন্ন।
সামাজিক মাধ্যমেও এখন লাউ-ঝিঙের ভাবমূর্তি বদলাচ্ছে। অনেকেই বলছেন— সমস্যা সবজিতে নয়, সমস্যা রান্নার ধরনে। সঠিক মসলা আর রন্ধন প্রণালি অনুসরণ করলে এই সাধারণ সবজিও অসাধারণ হয়ে উঠতে পারে।
চলুন জেনে নেওয়া লাউয়ের পুষ্টি উপাদান—
১০০ গ্রাম লাউয়ে প্রায় ১২-১৫ ক্যালোরি পাওয়া যায়। পানি থাকে ৯৫ শতাংশ। কার্বোহাইড্রেটের পরিমাণ ৩.৩৯ গ্রাম। লাউয়ে রয়েছে ১.২ গ্রাম ফাইবার, ০.২ গ্রাম প্রোটিন, ০.১ গ্রাম ফ্যাট, ০.৫ গ্রাম ফাইবার, ১০.১ মিলিগ্রাম ভিটামিন সি, ১৫০ মিলিগ্রাম পটাশিয়াম, ২৬ মিলিগ্রাম ক্যালশিয়াম, ০.২ মিলিগ্রাম আয়রন এবং থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন ও ভিটামিন বি ৬।
লাউয়ের স্বাস্থ্যগুণ
আর লাউয়ে পানির পরিমাণ প্রভূত বলে আপনার শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। এর পাশাপাশি পানির পরিমাণ বেশি বলে হজমক্ষমতাও উন্নত হয়। লাউ খেলে পেট ভার হয় না। কম ক্যালোরির কারণে ওজন হ্রাসের জন্য লাউ খুব উপকারী। বারবার অথবা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় লাউ। এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও ভালো। লাউয়ে থাকা পটাশিয়াম ও সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এটি খারাপ কোলেস্টেরল কমায়, ফলে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।
এবার চলুন জেনে নেওয়া ঝিঙের পুষ্টি উপাদান—
ঝিঙেতে তুলনায় বেশি পরিমাণে ফাইবার (২.৫ গ্রাম), ভিটামিন এ, ভিটামিন সি (১৫-২০ মিলিগ্রাম) এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তবে ঝিঙেতে ক্যালোরির পরিমাণ খানিক বেশি, প্রায় ১৮-২০। তা ছাড়া পানির পরিমাণ প্রায় ৯৩-৯৫ শতাংশ, ৩.৫-৪.৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২০-৩০ মিলিগ্রাম ক্যালশিয়াম, ০.৬-১.২ গ্রাম প্রোটিন, ০.১ গ্রাম ফ্যাট এবং ০.৩-০.৫ মিলিগ্রাম আয়রন।
ঝিঙের স্বাস্থ্যগুণ
ঝিঙেতে ফাইবারের পরিমাণ বেশি থাকে বলে হজমের ক্ষমতা উন্নত করে। ওজন হ্রাসের জন্যও ঝিঙে খুব ভালো সবজি। একই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। আর শরীরের পানির পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে উপকারী গ্রীষ্মের এ সবজি। তা ছাড়া এতে ভিটামিনের উপস্থিতির কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত হয়।
ঝিঙে ও লাউ— কে এগিয়ে?
আপনার শরীর ঠান্ডা রাখা ও হজমের জন্য লাউয়ের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু রোগপ্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির দিক থেকে ঝিঙে অনেকটাই এগিয়ে। দুটিই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। প্রবল তাপপ্রবাহ থেকে বাঁচতে অথবা পেটফাঁপার সমস্যা কমাতে লাউয়ের জুড়ি মেলা ভার। লাউ খেলে শরীর তৎক্ষণাৎ শীতল হয় ও স্বস্তি পায়। কিন্তু ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টের প্রয়োজনে ঝিঙেই বেশি কার্যকরী।
এম এইচ আ



