মাধবপুরে পুলিশের পোশাক পরে ডাকাতি, ৩ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 19 July 2026, 4:28 PM
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী পরিবারের গাড়ির গতিরোধ করে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১৮ জুলাই) বিকেল ও রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেন—ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার কাউসার মিয়ার ছেলে শিপন মিয়া (২৫) এবং একই এলাকার মৃত লালখা মিয়ার ছেলে অহিবুর রহমান (২৫)।
সকালে (১৯শে জুলাই) র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার গত ১৯ জুন রাতে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত টয়োটা অ্যাক্সিও গাড়িতে সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। ২০ জুন রাত আনুমানিক ২টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে।
একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটি চালিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।Maps
এ ঘটনায় ভুক্তভোগী সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করেন। এরপর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এবং রাত ৯টা ১০ মিনিটে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তদন্তে চিহ্নিত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, র্যাব ডাকাতি মামলার দুই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এম এইচ আ



