সিলেটে হচ্ছে নতুন আরেকটি পৌরসভা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 19 July 2026, 4:19 PM
সিলেটে আরও একটি নতুন পৌরসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে জেলার জৈন্তাপুর উপজেলার নির্ধারিত কয়েকটি পল্লী এলাকাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রস্তাবটি বাস্তবায়িত হলে জৈন্তাপুর হবে সিলেট জেলার নতুন পৌরসভা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ৯ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ১৪ জুলাই তা প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯–এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী জৈন্তাপুর উপজেলার তফসিলভুক্ত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা হিসেবে ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার। তবে এটি এখনো চূড়ান্ত ঘোষণা নয়; পৌরসভা গঠনের আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
আইন অনুযায়ী, প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট পক্ষ চাইলে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। কোনো আপত্তি পাওয়া গেলে সরকার তা পর্যালোচনা করে তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে। এরপরই নতুন পৌরসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জৈন্তাপুর উপজেলার সদর ও আশপাশের এলাকায় জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং নাগরিক সেবার চাহিদা বিবেচনায় এনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা গঠিত হলে পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অন্যান্য নাগরিক সেবা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
বর্তমানে সিলেট জেলায় পাঁচটি পৌরসভা রয়েছে। সেগুলো হচ্ছে কানাইঘাট পৌরসভা, গোলাপগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ পৌরসভা, বিশ্বনাথ পৌরসভা এবং বিয়ানীবাজার পৌরসভা। জৈন্তাপুরে পৌরসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলে জেলার পৌরসভার সংখ্যা ছয়ে উন্নীত হবে।
এদিকে প্রশাসনিক এই উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দীর্ঘদিনের নাগরিক সেবার ঘাটতি অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। তবে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন পৌরসভা আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে না এখনই।
এম এইচ আ



