মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস
সিকডে
প্রকাশিত হয়েছে : 15 July 2026, 2:23 PM
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট বিভাগে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবারের পরও বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকবে। শুক্রবার ও শনিবার সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববারও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এ বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। বিশেষ করে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে কয়েক দিন ধরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে।
টানা বৃষ্টির কারণে সিলেট বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি ঢল পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ভারী বর্ষণের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী পূর্বাভাসে তা হালনাগাদ করা হবে।
এম এইচ আ



