জুনে এসএমপির অভিযানে আটক ২,৩২২,বিপুল মাদক ও ভারতীয় চোরাইপণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
সিলেট নগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত জুন মাসজুড়ে ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। মাসব্যাপী পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২ হাজার ৩২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। একমাসে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
এসএমপি সূত্র জানিয়েছে, গত জুন মাসের সাড়াশি অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়াড়ি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর-ডাকাত, ২৬ জন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭২৫ জন মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে ও সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যান্য আইনে ২১৮ জন রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাসব্যাপী অভিযানে ১০ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৭৯২ লিটার চোলাই মদ এবং ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ১৭ হাজার ৬১০ কেজি ভারতীয় জিরা, ১৭ হাজার ৮৯ পিস ভারতীয় চকলেট, ২৬ হাজার ৬৭৫ পিস ভারতীয় কসমেটিকস, ৩ হাজার ৫১৫ কেজি অবৈধ চা-পাতা, ৯ লাখ ৮৭ হাজার পিস শেখ নাসির উদ্দিন বিড়ি, ১৬২টি ভারতীয় কম্বল এবং ১০০টি ভারতীয় শাড়ি।
অন্যদিকে, ট্রাফিক বিভাগ গেল জুন মাসে ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ২ হাজার ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ২ হাজার ৩৫৩টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- নীরব চাকলাদার



