মাধবপুরে বিদ্যালয়ের ছাদ ধসে আহত ১
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের অংশ ধসে পড়ে বিদ্যালয়ের দপ্তরী প্রকাশ দাস (৩৭) আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত প্রকাশ দাস উপজেলার উত্তর হরিশ্যামা গ্রামের বিকাশ দাসের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ ছাদের পলেস্তারা ও কংক্রিটের অংশ ভেঙে প্রকাশ দাসের মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম খান বলেন, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আজ হঠাৎ ছাদের একটি অংশ ধসে পড়লে আমাদের দপ্তরী প্রকাশ দাস আহত হন। আমরা তার চিকিৎসার খোঁজ-খবর রাখছি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবনটির জরুরি সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ভবনটির সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনার খোঁজ-খবর নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এম এইচ আ




