সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাত মাস বয়সী আহিয়ান এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচ মাস বয়সী সায়হানের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন সিলেট জেলার এবং অন্যজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। শুক্রবার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জ জেলার ৩১ জন, মৌলভীবাজার জেলার ১০ জন এবং হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ৬৯ জন সন্দেহভাজন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৭ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ১৭৮ জন, সিলেট জেলায় ১০৭ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রোগী রয়েছেন।
- নীরব চাকলাদার



