নবীগঞ্জে অস্ত্রসহ সন্দেহভাজন ছিনতাইকারী আটক
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 17 June 2026, 8:55 PM
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আক্তার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) উপজেলার গন্ধা পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আক্তার হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল গন্ধা পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সেখানে সন্দেহজনকভাবে অবস্থানকালে আক্তারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণ ও ছিনতাই রোধে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
- নীরব চাকলাদার




