নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সিলেটে ট্রাফিক সচেতনতা র্যালি মঙ্গলবার
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : 15 June 2026, 9:47 PM
আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে এবং ঐতিহ্যবাহী এমসি কলেজের সহযোগিতায় একটি বিশেষ ট্রাফিক সচেতনতা বিষয়ক র্যালির আয়োজন করা হয়েছে। ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এসএমপি সূত্র জানায়, আগামীকাল সকাল ১০:৩০ ঘটিকায় এমসি কলেজ গেইট থেকে র্যালিটি শুরু হবে। এরপর টিলাগড় পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় এমসি কলেজ গেইটে এসে এটি শেষ হবে।
উক্ত সচেতনতামূলক র্যালিতে উপস্থিত থাকবেন: এমসি কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্ন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিলেটের সচেতন নগরবাসী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) এক বার্তায় জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই ট্রাফিক সপ্তাহের এই বিশেষ আয়োজন।
উক্ত জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে সর্বস্তরের নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে সংবাদ পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
- নীরব চাকলাদার




