মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি: মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোড এলাকায় অবস্থিত ‘মিঠাই’ নামের একটি মিষ্টান্ন ও খাদ্যপণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় ও সেবায় অবহেলার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে জানা যায়, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি এবং সেবা প্রদানে অসতর্কতা অবলম্বন করছিল। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানের ম্যানেজার ও এরিয়া ম্যানেজার লিখিতভাবে অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না করার অঙ্গীকার করেন। এর ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘মিঠাই’ প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান হওয়ায় তাদের কাছ থেকে আরও দায়িত্বশীল সেবা প্রত্যাশিত। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও মৌখিক অভিযোগও পাওয়া গেছে বলে জানান তারা।
অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে এবং আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়েছে।



