স্পেন বিএনপির কাতালুনিয়া কমিটি ঘোষণা: সভাপতি শফি, সম্পাদক নিয়াজী
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার অধীনে কাতালুনিয়া (বার্সেলোনা) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ মে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বাক্ষরিত এক দলীয় পত্রে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক হয়েছেন শিবলু আহমদ নিয়াজী এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খালেদুর রহমান চৌধুরী। অনুমোদিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মূল কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক শিবলু আহমদ নিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান চৌধুরী এক যৌথ বিবৃতিতে স্পেন বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “আমাদের ওপর যে আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা প্রবাসে দলের হাতকে শক্তিশালী করার মাধ্যমে তার যথাযথ মর্যাদা রক্ষা করব। অতি দ্রুত সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে একটি সুসংগঠিত ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কাতালুনিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এ সময় তারা স্পেনে অবস্থানরত সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।




